সন্ত্রাসবাদী মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। তবে তার শরীর খুব একটা ভালো নয়। বাড়ি থেকে বের হতে পারেন না। এ কথাগুলো পাকিস্তানের সংবাদমাধ্যম বা নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদের কোনো আমলার নয়, খোদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শুক্রবার এ কথা জানিয়েছেন।
ভারতের তরফে বহুদিন ধরেই বলা হচ্ছিল, মাসুদ পাকিস্তানে রয়েছেন। তাকে ভারতের হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়ে আসছিল দিল্লি। কিন্তু এতদিন মাসুদকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি ইসলামাবাদ। জঙ্গি মাসুদকে গোটা বিশ্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জাতিসংঘে গত কয়েক বছর ধরেই জানিয়ে আসছে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চীনের ভেটোয় তা সম্ভব হয়নি। -খবর আনন্দবাজার পত্রিকার
এদিকে আবুধাবিতে এদিন ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। উপমহাদেশে সন্ত্রাসবাদীদের তত্পরতা ও অস্থিরতার আবহ তৈরির প্রসঙ্গটি সেখানে সুষমা তার ভাষণে উল্লেখ করবেন বলে কূটনীতিকদের ধারণা। এবারই প্রথম ওই সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনীতিকরা মনে করছেন, ওআইসির সদস্য ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের সামনে উপমহাদেশে সন্ত্রাসবাদীদের তত্পরতা বৃদ্ধির লক্ষে সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী।