মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন থেকে আরো ৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাদেরকে গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব গৌতম কুমার দে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ও খরচে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইয়েমেনে বর্তমানে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে।