নিউইয়র্কে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ


বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা বরণ করে নিলেন বাংলা নতুন বছর ১৪২২-কে। এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার দিনব্যাপী উৎসবে মেতে ছিলেন নানান বয়সের মানুষেরা। পান্তা ইলিশ পরিবেশন এবং বাঙালী সংস্কৃতির বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে চলে বর্ষবরণের এই উৎসব।
নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জেবিবিএ এনওয়াই। ঢাকা থেকে আসা ও স্থানীয় শিল্পীরা বৈশাখের গানে গানে মাতিয়ে তোলেন পুরো এলাকা।  

IMG0
প্রতিবছরের মতো বাংলা নববর্ষকে জাঁকজমকভাবে বরণ করে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কল।
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অ্যাস্টোরিয়ার সাউন্ডভিউ মিলনায়তনে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাচ ছাড়াও অতিথিদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়।

IMG1
এদিকে উডসাইডের কুইন্স প্যালেসে জমজমাট বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নানান অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অতিথিদের মাছে পান্তা ইলিশ পরিবেশন করা হয়।
নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এসব অনুষ্ঠানে যোগ দেন।