ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রিতে সম্মত কানাডা

 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন কানাডার নাগরিকদের ভারত সফরের জন্য প্রয়োজনে ১০ বছরের ভিসা প্রদান করা হবে। কানাডা সফররত ভারতীয় প্রধানমন্ত্রী বুধবার টরেন্টোতে ভাষণদানকালে এই ঘোষণা দেন। অন্যদিকে কানাডা পরমাণু সক্ষমতা বাড়াতে ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রিতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটোয়ায় এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন।
 
টরেন্টোয় ১০ হাজার লোকের এক জনাকীর্ণ সমাবেশে নরেন্দ্র মোদী ঘোষণা দেন সম্ভবত আপনারা ভারত সফরে নানারকম বিড়ম্বনার শিকার হন, যদিও এ বিষয়ে কেউ কিছু বলেননি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আপনাদের ভারত সফরের জন্য ১০ বছরের ভিসা প্রদান করা হবে। এসময় মোদী মোদী চিত্কার ধ্বনির মধ্য তিনি ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর মুখ্যমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ভিসা না পেলেও কানাডা সফরের অনুমতি পাওয়ার বিষয়টি স্মরণ করেন। এজন্য তিনি কানাডা সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বলেও জানান। এর মধ্য দিয়ে উভয়দেশের জনগণের মাঝে সম্পর্ক আরো নিবিঢ় হবে বলে তিনি উল্লেখ করেন।
 
এদিকে অটোয়ায় ইউরেনিয়াম সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরের পর মোদী সাংবাদিকদের জানান, ভারতকে আস্থা ও বিশ্বাসে এনেই কানাডা ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রিতে সম্মত হয়েছে। এ চুক্তির আওতায় কানাডা আগামী ৫ বছরের জন্য ভারতে ২৮ কোটি মার্কিন ডলারের ইউরেনিয়াম সরবরাহ করবে। ভারত এ ইউরেনিয়াম বিদ্যুত্ প্রকল্পে ব্যবহার করবে। ১৯৭৬ সালে কানাডা ভারতের সঙ্গে এ সংক্রান্ত ব্যবসা বাতিল করে।
 
উল্লেখ্য, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তিনদেশ সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার কানাডা সফর শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গত ৪২ বছরের মধ্যে এটিই ভারতীয় কোন প্রধানমন্ত্রীর প্রথম দ্বি-পাক্ষিক কানাডা সফর।