বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা (ভারত) সম্পৃক্ত নই। এটা বাংলাদেশের জনগণ ও এখানকার দলগুলোর ব্যাপার। গতকাল সোমবার বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাড়িতে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রিংলা একথা বলেন।
বৈঠকের বিষয়ে হাইকমিশনার বলেন, ‘এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাত্ ছিল। প্রথমবারের মতো বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে এসেছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে তাদের (বিকল্পধারার) আদর্শ ও চিন্তা কেমন, তা জানতে চেয়েছিলাম।’
শ্রিংলা চলে যাওয়ার পর বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বৈঠকে স্বাভাবিকভাবেই নির্বাচনের বিষয়টি এসেছে। তবে মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এই সম্পর্ককে কীভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশি দেশ, আমাদের এখানে সামনে বড় একটি নির্বাচন, সেজন্য সেখানেও তাদের সাহায্য প্রয়োজন।
ব্রিফিংয়ে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমী রাজনীতির কথা আমরা বলেছি। দলের প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেন, এবার মহাজোটে যুক্তফ্রন্ট একটি নতুন উপাদান, এটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা। যুক্তফ্রন্টের সঙ্গে এর আগে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক হয়েছে, আরো কয়েকজনের সঙ্গে বৈঠক হবে। বৈঠক শেষে হাইকমিশনার বি. চৌধুরীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।