আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা শতকের ঘরে গিয়ে পৌঁছেছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর  বিবিসির।
স্থানীয় পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ জানিয়েছেন, একটি ব্যাংকের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক কর্মকর্তারা বেতন তোলার জন্য নিউ কাবুল ব্যাংকের বাইরে অপেক্ষা করছিলেন। এমন সময় একটি মোটরবাইকে করে একজন আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়- বলেন শেরজাদ। এ ঘটনায় ৩৩ জন নিহত এবং ১শ জন আহত হয়েছে। এখন পর্যন্ত েকান গ্রুপই এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেননি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পাশেই আরেকটি বোমা পাওয়া গেছে। তবে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে একই দিন সকালে শহরের একটি মন্দিরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কোন গ্রুপই এ হামলা চালানোর কথা স্বীকার করেনি। এছাড়া ‘তারা এ হামলার সাথে জড়িত নয়’ বলে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন। ওদিকে গত ১০ এপ্রিল জালালাবাদ শহরে তালেবান হামলায় ৩ জন নিহত হয়। গত বছর এ শহরে বার বার তালেবানরা হামলা চালিয়েছে। তবে এসব হামলার ঘটনা আফগান সেনা ও পুলিশ বাহিনীর ব্যর্থতাকে তুলে ধরছে এবং সেইসাথে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।