‘ফুরফুরে মেজাজে বাসায় ফিরে গেলেন খালেদা জিয়া’

যুক্তরাষ্ট্র সফররত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াতের ব্যর্থ আন্দোলনে বোমা মেরে ২’শ মানুষ হত্যা করা হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে দুই হাজার যানবাহন। ক্ষতি হলো দুই লাখ কোটি টাকার। কিন্তু এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কী লাভ হয়েছে?
 
মন্ত্রী বলেন, দেশকে যে ভালবাসে সে দেশের কখনো এতবড় ক্ষতি করতে পারে না। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
 
আলোচনা সভায় প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, একাত্তরে পাকবাহিনী যেভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বিএনপি-জামায়াতের আন্দোলনও একই রকম ছিল। বোমা মেরে মানুষ হত্যা এবং জানমালের ও আর্থিক ক্ষতিসাধনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুরফুরে মেজাজে বাসায় ফিরে গেছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেননি। ১৫ লাখ পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করার চেষ্টা হয়েছে।
 
নিজ মন্ত্রণালয়ের সাফল্য উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। স্বাস্থ্যখাতের সাফল্যের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। তিনি আরো বলেন, ৭১ সালে সাত কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল। আর এখন ১৬ কোটি মানুষের দেশে খাদ্য মওজুদ থাকে। এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 
আলোচনা সভায় বেশ কয়েকজন বক্তা নিজ নিজ জেলার স্বাস্থ্যসবার উন্নয়নে হাসপাতালের শয্যা উন্নীতকরণ এবং অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান। প্রতিমন্ত্রী এসব দাবি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে তুলে ধরার আশ্বাস দেন।
 
এর আগে আলোচনা সভার শুরুতে প্রতিমন্ত্রী জাহিদ মালেককে ফুলের কোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।