আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ১২২ উপজেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দলটি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। এই ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট হবে। গতকাল মনোনয়ন বোর্ডের বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।