অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবে হাতের লেখার অ্যাপস

স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে এখন লেখালেখির কাজ নিয়মিতভাবেই করে থাকেন অনেকে। বিশেষ করে চলতি পথে লেখালেখির জন্য এখন স্মার্টফোন বা ট্যাবের তো বিকল্পই নেই। লেখালেখির কাজকে আরও গতিশীল করার জন্য অ্যান্ড্রয়েড সব স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির জন্য নানা ধরনের কিবোর্ড অ্যাপ্লিকেশন রয়েছে। বিভিন্ন শব্দের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা থেকে শুরু করে বাক্যাংশ সম্পন্ন করার পরামর্শও প্রদান করে থাকে এমন অনেক কিবোর্ড অ্যাপ্লিকেশন। এর পাশাপাশি ভয়েজ ইনপুটের সুবিধাও রয়েছে কিছু কিছু ভাষায়। কিন্তু এতসবের মধ্যেও নিজের হাতের লেখাটির স্বাচ্ছন্দ্য যেন অন্য কোনো কিছুতেই মেলে না। এই চাহিদা পূরণের জন্যই এবারে গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবের জন্য তৈরি করেছে বিশেষ অ্যাপ্লিকেশন ‘গুগল হ্যান্ডরাইটিং ইনপুট’। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের যেকোনো ধরনের ইনপুটের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে হাতের লেখা। অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে অ্যান্ড্রয়েড ডিভাইসের টাচস্ক্রিনে হাত দিয়েই লেখা যাবে ৮২টি ভাষার টেক্সট। এর জন্য আলাদা কোনো স্টাইলাসেরও প্রয়োজন হবে না। লেখার পর গুগল হ্যান্ডরাইটিং ইনপুট স্বয়ংক্রিয়ভাবেই লেখা শনাক্ত করবে এবং সেগুলোকে ডিজিটাল স্ট্যান্ডার্ড টেক্সটে রূপান্তর করে দেবে। শুধু টেক্সটই নয়, ইমোজিও হাত দিয়ে এঁকে দিলে সেগুলো শনাক্ত করবে এই অ্যাপ্লিকেশন। আবার কেবল অনলাইন নয়, অফলাইনেও কাজ করবে এই ইনপুট পদ্ধতি। নতুন এই অ্যাপ্লিকেশন প্রসঙ্গে গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, মূলত লার্জ-স্কেল ল্যাংগুয়েজ মডেলিং, মাল্টি-ল্যাংগুয়েজ ওসিআর, লার্জ-স্কেল নিউরাল নেটওয়ার্ক এবং অ্যাপ্রোক্সিমেট নিয়ারেস্ট নেইবর সার্চ প্রযুক্তিগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশন। ৮২টি ভাষা সমর্থন করে বলে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব ভাষায় সমর্থন করছে এই অ্যাপসটি। এর মধ্যে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, চাইনিজ, জাপানিজ, সোয়াহিলির মতো ভাষাও রয়েছে। গুগল আশা করছে নতুন এই অ্যাপস মোবাইল ডিভাইসে মানুষের লেখালেখির অভ্যাসকে অনেকটাই বদলে দেবে।