মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় তাকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজন্স, রংপুর কারাকর্তৃপক্ষ ও পুলিশ কমিশনারকে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। মইনুল হোসেনের শারীরিক অবস্থার উপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবেদন এবং তার আইনজীবীদের দাখিলকৃত চিকিত্সা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পরই হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য রেখেছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা।

মইনুল হোসেনের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে গত ৬ নভেম্বর তার স্ত্রী সাজু হোসেন হাইকোর্টে রিট করেন।