উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার সকালে দেশটির সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছেন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম রবিবার এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পাহাড়ের চূড়ায় উঠেছেন সৈন্যদের জানাতে, পর্বতের এই উচ্চতা যে মানসিক শক্তি যোগায় তা পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।
IMG0
একটি ছবিতে দেখা গেছে, কিম জং উন বরফাবৃত পর্বতের চূড়ায় হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছেন। তার পেছনেই সূর্য উঠছে।
কিমের উদ্ধৃতি দিয়ে রোডং পত্রিকার খবরে বলা হয়েছে, পায়েকতু পর্বতে উঠার মধ্যদিয়ে যে মানসিক শক্তি পাওয়া যায় তা যে কোন ধরণের পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।
পায়েকতু দুই হাজার ৭৫০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি আগ্নেয় পর্বত। চীন সীমান্তে এর অবস্থান। কোরীয় লোকগাঁথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া কিম পরিবারের বীরত্ব প্রচারেও এটি মূল ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে কিম জং উনের বাবা কিম জং ইলের যে জীবনী রয়েছে তাতে বলা আছে পায়েকতু পর্বতের চূড়াতে তার জন্ম। অনেক ইতিহাসবিদের মতে তার জন্ম রাশিয়ায়।