সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বরাদ্দ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগে গিয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার গৌড়িগ্রাম বাজারে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সম্পাদককে প্রধান করে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু তালেব। এ হামলায় আহত হয়েছেন দুজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তালেব ঘোড়া প্রতীক নিয়ে শুক্রবার দুপুরে উপজেলার গৌড়িগ্রাম বাজারে গণসংযোগে যান। এ সময় স্থানীয় কয়েক যুবক অতর্কিত হামলা চালিয়ে প্রার্থীর মাইক্রোবাসটি ভাঙচুর করে। চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বলেন, ঘোড়া মার্কা প্রতীক পেয়ে শুক্রবার দুপুরে গৌড়িগ্রাম বাজারে নির্বাচনী গণসংযোগে গেলে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা তার মাইক্রোবাসটি ভাঙচুর করে। এ বিষয়ে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক সানাকে প্রধান আসামি করে ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হামলার ঘটনায় আবু তালেবের দুই সমর্থক আমষের গ্রামের আঃ হামিদ ও দক্ষিণ বোয়ালমারী গ্রামের সাইদুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, কে বা কারা গাড়ি ভাঙচুর করেছে তিনি জানেন না। তার আত্মীয়-স্বজন বা দলীয় নেতাকর্মীদের হাঙ্গামা করতে কঠোরভাবে নিষেধ করা আছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ সাঁথিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।