এবার ডাক বিলি করবে ড্রোন!

 
সুইজারল্যান্ডের ডাক বিভাগ পরীক্ষামূলকভাবে ড্রোন বিমানের মাধ্যমে ডাক বিলি শুরু করতে যাচ্ছে। রবিবার সুইস পোস্টঅফিসের এক মুখপাত্র বার্নহার্ড বুয়ের্কি এই তথ্য জানান।
 
বার্নহার্ড বুয়ের্কি বলেন, ‘আমরা এই গ্রীষ্মেই পরীক্ষাটি চালাব।’
 
সুইসওয়ার্ল্ডকার্গো এবং মার্কিন ড্রোন নির্মাতা ম্যাটারনেট যৌথভাবে এই প্রকল্পটি পরিচালনা করছে।
 
সুইজারল্যান্ড সরকার দেশটির প্রত্যন্ত পর্বত সংকুল এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। এটাই এই ধরনের প্রথম উদ্যোগ নয়। যুক্তরাষ্ট্রের বৃহৎ অনলাইন কোম্পানি আমাজন ইতোমধ্যে মনুষ্যবিহীন ছোট বিমানে পার্সেল বিলি করার একটি পরিকল্পনা খতিয়ে দেখছে।