ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোঃ মাসুদকে বদলি করা হয়েছে। শুক্রবার দুপুরে বদলির সত্যতা স্বীকার করেছেন তিনি। লে. কর্নেল তুহিন মোঃ মাসুদ জানান, তাকে নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে ৩ গ্রামবাসী নিহত ও গুলিবিদ্ধ হয় আরো ১৫ জন। এ ঘটনায় নিহতের পরিবার বিজিবির অধিনায়কসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোঃ মাসুদকে বদলি করা হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এ বিষয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, কাউকে প্রত্যাহার বা বদলির বিষয়টি বাহিনীর অভ্যন্তরীণ। এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কিছু বলার নেই।