জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা, আলোচনা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও, গাজীপুরের কালীগঞ্জসহ ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, আয়োজন করা হয় আলোচনা সভার। অনেক এলাকায় নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ‘ভোটার হবো-ভোট দেব’- এ প্রতিপাদ্যে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও পালিত হলো জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশীদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির ভাষণ দেন মুন্সীগঞ্জ সদরের ইউএনও মো. ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। সভায় স্বাগত ভাষণ দেন জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান। দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে তিনটি স্টল খোলা হয়। এই স্টল থেকে বিশেষ ব্যবস্থায় নতুন ভোটার করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে স্মার্ট কার্ডও।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে সাভারে গতকাল সকালে সাভার উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। আরও বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. সোহেল রানা, গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. বাদল মিয়া প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন মনি প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে জাতীয় ভোটার দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়, পরিষদের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি। অন্যদের মধ্যে ছিলেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিস পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ফারজানা আবেদিন (নবাবগঞ্জ), নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।