ইয়েমেন থেকে ১৬৫ জন দেশে ফিরেছেন

 
ইয়েমেনে আটকে পড়া আরো ১৬৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১৩৬ জন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ২৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জিবুতি থেকে মঙ্গলবার রাতে ১৩৬ জনকে ঢাকায় আনা হয়। রাত সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
 
১৩৬ জনের মধ্যে ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। গত ১৫ এপ্রিল ইয়েমেনের হোদায়দা বন্দর থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করে জিবুতিতে নিয়ে যায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ। 
 
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে আইওমের সহযোগিতায় ২৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে মোট ৫২৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 
প্রসঙ্গত, সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইয়েমেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে।