পুলিশ মেমোরিয়াল ডে পালন

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জনগণের জানমাল রক্ষা করতে গিয়ে বিভিন্ন সময়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, জনগণের জান-মাল রক্ষা করতে গিয়ে যেসব পুলিশ সদস্য বিভিন্ন সময়ে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে। শুক্রবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার হারুন উর রশিদ বিপিএম (বার) পিপিএম। পরে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে চাষাঢ়া শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার হারুন উর রশিদ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেসব পুলিশ শহীদ হয়েছেন আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। নারায়ণগঞ্জে মাদক, ভূমিদস্যু, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো গতিশীল করা হবে। 

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের ডিআইজি (অব.) বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম’র (বার) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ এবং সদর থানার ওসি আলমগীর হোসাইন। বিভিন্ন ঘটনায় নিহত পুলিশের ১০টি পরিবারকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে মানিকগঞ্জ জেলা পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উত্সর্গকারী  মানিকগঞ্জ জেলার ১৫ পুলিশ  কর্মকতা ও সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করেছে। শুক্রবার সকালে পুলিশ লাইনে এক অনুষ্ঠানে  মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম নিহত পুলিশ  কর্মকতা ও সদস্যের পরিবারের মাঝে এ সম্মাননা প্রদান করেন।

গাজীপুর প্রতিনিধি জানান, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গতকাল গাজীপুর পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মো: গোলাম সবুর, পঙ্কজ দত্ত, কালীগঞ্জ থানার ওসি মো: আবু বকর মিয়া এবং নিহত পুলিশ সদস্যদের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ও উপহার প্রদান করা হয়।