অ্যান্ড্রয়েড আর আইফোনের আধিপত্যে মোবাইল ডিভাইসের বাজার আগেই হারিয়েছে ব্ল্যাকবেরি। গত বছরখানেক সময় ধরে তারা নতুন বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি বাজারে নিয়ে এসে ঘুরে দাঁড়াতে চেয়েছে। তবে তাতে সাফল্য মেলেনি। মোবাইল ডিভাইসের বাজার হারালেও অবশ্য মোবাইল ডিভাইসের নিরাপত্তায় ব্ল্যাকবেরি এখনও বিশ্বস্ত একটি নাম। আর সে কারণে তারা মোবাইল সিকিউরিটি নিয়ে নিজেদের কাজ অব্যাহত রেখেছে। ইদানিং ইন্টারনেট অব থিংস নির্ভর বিভিন্ন ওয়্যারেবল গ্যাজেট বাজার দখল করতে শুরু করায় মোবাইল ডিভাইসের পাশাপাশি এবারে ইন্টারনেট অব থিংসের জন্যও নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির অধীনে থাকা সার্টিকম কোম্পানির মাধ্যমে মূলত তারা ইন্টারনেট অব থিংসের আওতাধীন বিভিন্ন গ্যাজেটের জন্য ম্যানেজড সার্টিফিকেট সার্ভিস প্রদান করবে। ব্ল্যাকবেরির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে তারা পরিকল্পনার পর্যায় পেরিয়ে এসে কাজও শুরু করে দিয়েছে। সার্টিকম কোম্পানির মাধ্যমে তারা যুক্তরাজ্যে স্মার্ট পার্কিং মিটারের একটি প্রকল্পে নিরাপত্তা সার্টিফিকেট প্রদান শুরু করেছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই প্রকল্পে এই ধরনের ১০৪ মিলিয়ন স্মার্ট মিটার ছাড়াও থাকবে হোম এনার্জি ম্যানেজমেন্ট ডিভাইস। বর্তমান বিশ্ব যেভাবে ক্রমেই স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ডিভাইসের দিকে ঝুঁকে পড়েছে, তাতে করে ব্ল্যাকবেরির ইন্টারনেট অব থিংস ডিভাইসের দিকে ঝুঁকে পড়াকে প্রযুক্তি বিশ্লেষকরা ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই মনে করছেন। স্মার্টফোনের বাজার হারালেও ব্র্যান্ড হিসেবে ব্ল্যাকবেরির যে সুনাম রয়েছে, তাদের এই নিরাপত্তা সেবাকে এগিয়ে নিতে সেটা যথেষ্টই সহায়তা করবে বলেও মনে করছেন তারা। আর বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইসের ক্রমবর্ধমান সংখ্যার সাথে পাল্লা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের কাজ করতে পারলে এই খাতেই ব্ল্যাকবেরির ভবিষ্যত্ নতুন করে লেখা হতে পারে বলে ধারণা তাদের।