মানিকগঞ্জের অগ্নিদগ্ধ সালমা বেগমকে বাঁচানো গেল না

মানিকগঞ্জের ঘিওরে অগ্নিদগ্ধ সালমা বেগমকে (২৫) বাঁচানো গেল না। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

সালমা উপজেলার আশাপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে রুবেলের স্ত্রী। তাকে নিয়ে দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ‘টাকার অভাবে চিকিত্সা না করিয়ে ঢাকা মেডিকেল থেকে বউকে বাড়ি নিলেন কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরই তার পাশে দাঁড়িয়ে ছিলেন এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সেবামূলক সংস্থা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে নিজ বাড়িতে মাটির চুলায় রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হন এক সন্তানের জননী ও তিন মাসের অন্তঃসত্ত্বা সালমা বেগম। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।