সিদ্ধিরগঞ্জে ওরসে হামলা আহত ১০

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাব্দী শাহ মাজারে অনুষ্ঠিত ওরসে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এতে অ্যাডভোকেট শহীদ, ফজলুল করিম, মামুন, বকুল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও সালাউদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আজিবপুর শাব্দী শাহ (রা.) বোগদাদী’র মাজারে বাত্সরিক ওরস চলছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এ হামলা চালায়। মাজারের খাদেম মোখলেছুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইলোগেট এলাকার দুজনের নেতৃত্বে ২০-৩০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে মাজারের ওরসে এসে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় তারা ১৫ ডেক খিচুড়ি মাটিতে ফেলে দেয়। তাদের বাধা দিতে গেলে কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত কারা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মাজারের ওরসে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ছাড়াও মেলার কোনো অনুমতি না থাকায় মেলা বন্ধ রাখতে বলা হয়েছে।