মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে হাজারো বাঙালির মিলনে ফ্রান্সে পালিত হলো বৈশাখী উৎসব। রবিবার প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে এই উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী। ঢাকায় প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাঙালির পাশাপাশি উত্সবে প্রচুর সংখ্যক ফরাসিদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হজরত আলী খান উৎসববে উপস্থিত হয়ে সকল বাংলাদেশিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল স্বপন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় শিল্পী আরিফ রানা ও কুমকুম আরা জেসমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্সে বৈশাখী উত্সবের প্রতিষ্ঠাতা মরহুম শহিদুল আলম মানিকের সহ-ধর্মনী মেহেরুন্নেন্নসা, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম।