সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পলক ও হাবিব নামে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভারে পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ভেতরে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম মো. সোহাগ (১৫)। সে পরিবারের সঙ্গে পৌর এলাকার চাপাইন মহল্লার ইসমাইল হাজির বাড়িতে ভাড়া থেকে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশের ৮ম শ্রেণিতে পড়ত।
নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী আসিফ জানায়, বিকালে আমরা কয়েকজন বন্ধু মিলে সিআরপি’র ভেতরে মেলায় ঘুরতে যাই। সন্ধ্যার দিকে মিঠু ও প্রান্ত মেলায় ঘুরতে আসে। এসময় মিঠু ও প্রান্ত সোহাগের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে প্রান্ত বলে তুই নাকি আমাকে মারবি, এখন পারলে মার। কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠু একটি ছুরি বের করে সোহাগের পিঠে ঢুকিয়ে দেয়। এসময় সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে। তখন আমরা দৌড়ে ওর কাছে গেলে মিঠু ও প্রান্ত পালিয়ে যায়। পরে আমরা সোহাগকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত প্রান্ত (১৭) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সে নবম শ্রেণিতে পড়াশুনা করতো। তবে অপর অভিযুক্ত মিঠুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. সোহেল রানা বলেন, স্কুল ছাত্রের বুকের পেছন দিকে বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।