গুগল যেখানেই হাত দিয়েছে সেখানেই সোনা ফলেছে। ওয়েব সার্চ থেকে গাড়ি, মোবাইল ফোন থেকে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সবখানেই ঘটিয়েছে বিপ্লব। এবার সেই গুগলই নামছে মোবাইল সেবায়। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু হবে এই সেবা। আর এর জন্য গ্রাহকদের লাগবে গুগলের নেক্সাস ৬ স্মার্টফোন।
সিএনএনের খবরে প্রকাশ, মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য যুক্তরাষ্ট্রের দুই মোবাইল অপারেটর স্প্রিন্ট আর টি-মোবাইলের অবকাঠামো ব্যবহার করবে গুগল। ওয়াই-ফাই হটস্পটের উপর নির্ভর করে পরিচালিত হবে প্রজেক্ট ফাইয়ের নেটওয়ার্ক। গড়ে তোলা হবে লাখো হটস্পট। আর এসব হটস্পটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে কাজ করবে এই নেটওয়ার্ক ব্যবস্থা।
ব্যবহারকারীরা তাদের প্রজেক্ট ফাই নম্বর থেকে খুব কম খরচে কল ও এসএমএস করতে পারবেন। গুগলের এই নেটওয়ার্কে আনলিমিটেড কল ও এসএমএস সেবা পেতে একজন গ্রাহককের মাসে ২০ ডলার লাগবে। আর প্রতি গিগাবাইট ডাটার জন্য গুনতে হবে বাড়তি ১০ ডলার করে। সূত্র: সিএনএন