বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি নাইটিঙ্গেল, স্কাউট মার্কেট ও ফকিরাপুল হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, সরকার আইন, বিচার, প্রশাসন, নির্বাচন কমিশন ধ্বংস করেছে। গণমাধ্যমকে ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে কব্জায় রাখার চেষ্টা করছে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেই আমাদের রাজপথেই অবস্থান নিতে হবে।
মিছিলে ঢাকা মহানগর যুবদল, ছাত্রদল ও মত্স্যজীবীদলের নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।