ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা এবং আস্থার জন্য সন্তোষ প্রকাশ করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশই জঙ্গিবাদের শিকার। সন্ত্রাস ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবু ধাবির এমিরেটস প্যালেসে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেয় দুই পক্ষ।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির কথা তুলে ধরেন। জঙ্গিবাদ গুঁড়িয়ে দিতে ও জঙ্গিবাদের অর্থায়ন ঠেকাতে বাংলাদেশের পদক্ষেপের কথা উল্লেখ করেন।