‘আইসিটি ফর এনভায়রনমেন্ট’ এই শ্লোগান নিয়ে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী দেশের প্রথম জাতীয় তথ্য প্রযুক্তি উৎসব ২০১৫।
বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে গেমিং ও প্রোগ্রামিং বিষয়ক ইভেন্ট শুরু হলেও মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে শনিবার।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে প্রযুক্তি উৎসবের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবের প্রথম দিনে শুক্রবার আউটসোর্সিং, সাইবার ক্রাইম, থ্রিডি ও গেম ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া গুগল বাস ছিল প্রশিক্ষণার্থীদের আগ্রহের কেন্দ্রমূলে। বাসটিতে থ্রিজি ইন্টারনেট সংযোগ সংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম রয়েছে। অডিও-ভিডিও’র মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন, প্রকল্প তৈরি ও ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। সাথে গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয় এ বাসে।
যেমন গুগল সার্চ, ক্রোম, ডক্স, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাাস ইত্যাদি। শনিবার প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ এবং গেমিং প্রতিযোগিতা (ফিফা এবং এনএফএস) এর ফাইনাল রাউন্ড, প্রযুক্তিবিষয়ক নাটিকা এবং কনসার্ট। দেশের প্রায় ১০টি কলেজ ও ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি এর পচিালক ফজলুল করিম পাটোয়ারী জানান, শিক্ষার্থীদের আইটি মনস্ক করতে আমাদের এ যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এ ধরনের আয়োজনের সাথে সংশিষ্ট করা হবে। প্রযুক্তি উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।