পাঁচ অ্যান্ড্রয়েড অ্যাপসের একটি ম্যালওয়্যার!

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যত অ্যাপস রয়েছে তার পাঁচটির মধ্যে একটিই হলো ম্যালওয়্যার। ডিজিটাল নিরাপত্তা পণ্য নির্মাতা ও গবেষণা কোম্পানি সিম্যানটেক তাদের ইন্টারনেট সিকিউরিটি নিয়ে সর্বশেষ প্রতিবেদনে এমনটিই জানিয়েছে। ‘২০১৫ ইন্টারনেট সিকিউরিটি থ্রেট রিপোর্ট’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক মিলিয়ন বা দশ লক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপস (শতকরা হারে ১৭ ভাগ) মূলত অ্যাপসের ছদ্মবেশে ম্যালওয়্যার। এর বাইরেও ‘গ্রেওয়্যার’ নামে এক ধরনের অ্যাপসের কথা জানিয়েছে সিম্যানটেক, যেগুলো প্রধানত প্রচুর পরিমাণে বিজ্ঞাপনের সামনে উন্মুক্ত করে দেয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে। প্রথমবারের মতো ‘ক্রিপ্টো-র্যানসামওয়্যার’ অ্যাপসেরও সন্ধান পেয়েছে সিম্যানটেক, যেগুলো মূলত অ্যান্ড্রয়েডের তথ্য জিম্মি করে মুক্তিপণ দাবি করে থাকে। গুগল প্লে স্টোরে এই ধরনের ক্ষতিকর অ্যাপসের পরিমাণ অনেকটাই কম বলে জানিয়েছেন সিম্যানটেকের সিকিউরিটি রেসপন্স ডিরেক্টর কেভিন হেলি। থার্ড-পার্টি বিভিন্ন অ্যাপ স্টোরেই মূলত এমন ধরনের ক্ষতিকর অ্যাপসগুলো বেশি থাকে বলে উঠে এসেছে প্রতিবেদনে। ফলে গুগল প্লে স্টোরের বাইরে থার্ড-পার্টি বিভিন্ন অ্যাপস স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার না করারই আহ্বান জানিয়েছেন তিনি। কেননা তাতে ক্ষতিকর অ্যাপসের পাল্লায় পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে গুগল তার প্লেস্টোরকে ক্ষতিকর অ্যাপসমুক্ত রাখতে যথেষ্টই সাফল্যের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য সিম্যানটেকের।