স্মার্টফোনের বাজারে সহসাই আসছে না নকিয়া

মাত্র কয়েকদিন আগেই ফ্রান্সের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নিয়েছে স্মার্টফোনের বাজার থেকে অবসর নিয়ে নেওয়া নকিয়া। আর তাতে করে আবারও স্মার্টফোনের বাজারে তারা ফিরে আসবে কি না, তা নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে নানা ধরনের গুঞ্জন।

অনেকেই ধারণা করছিল যে অ্যালকাটেল-লুসেন্টের মাধ্যমে আবারও স্মার্টফোনের বাজারে ফিরে আসবে নকিয়া। তবে নকিয়া নিজেই সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে। নিজেদের ওয়েবসাইটেই এক আনুষ্ঠানিক বার্তায় এই কথা জানিয়েছে তারা।

এই বার্তায় বলা হয়েছে, ‘চীনের গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) বিভাগ থেকে আবারও স্মার্টফোনের নির্মাণ নকিয়া শুরু করেছে বলে বেশকিছু খবর আমরা দেখেছি গত কয়েকদিনে। এই খবরগুলো নিঃসন্দেহেই ভুল এবং ভিত্তিহীন। আমরা আবারও জানাতে চাই যে স্মার্টফোন বা মোবাইল ডিভাইস তৈরি ও বাজারজাত সংক্রান্ত কোনো কাজের পরিকল্পনাই আপাতত নেই নকিয়ার।’ তবে ব্র্যান্ড-লাইসেন্সিংয়ের মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুক্ত হতে পারে বলে জানিয়েছে নকিয়া।

উল্লেখ্য, গত বছরে মাইক্রোসফটের কাছে মোবাইল ডিভাইস নির্মাণ ইউনিটটি বিক্রি করে দেয় এক সময়ে মোবাইল হ্যান্ডসেটের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রাখা ফিনল্যান্ডের কোম্পানি নকিয়া।