শক্তিশালী ব্যাটারিতে মনোযোগী এসার ও লেনোভো

 
স্মার্টফোনের ক্ষেত্রে হার্ডওয়্যার ও সফটওয়্যারে নানা ধরনের ফিচারের প্রতিযোগিতাতে লিপ্ত রয়েছে স্মার্টফোন নির্মাতারা। এই ক্ষেত্রে এবারে এসার ও লেনোভো মনোযোগী হয়েছে ব্যাটারির দিকে। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠান বাজারে তিনটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে, যেগুলোর প্রতিটিতেই রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ধারণক্ষমতার ব্যাটারি। স্যামসাং এবং অ্যাপলের সর্বশেষ সংস্করণের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর চাইতেও এই ব্যাটারিগুলো এক-তৃতীয়াংশ বেশি ধারণক্ষমতার। এই ধরনের ব্যাটারি সাধারণত ট্যাবলেট পিসি বা বিশালাকৃতির পর্দার ফ্যাবলেটের মতো ডিভাইসেই বেশি দেখা যায়। লেনোভো এবং এসার জানিয়েছে, মূলত গ্রাহকদের ওপর চালানো গবেষণার প্রেক্ষিতে তাদের চাহিদার ওপর ভিত্তি করেই বড় ব্যাটারি তারা যুক্ত করেছে স্মার্টফোনে। বিশেষ করে যারা একটু বেশি ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের জন্য বড় ব্যাটারির ক্ষমতা অনেক বেশি কাজে লাগবে বলে আশাবাদ জানিয়েছে এই দুই কোম্পানি। অবশ্য স্মার্টফোনে বেশি ধারণক্ষমতার ব্যাটারি এই প্রথম নয়। এর আগে মটোরোলার মটো ম্যাক্সে ব্যবহার করা হয় তিন হাজার নয়শ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। হুয়াওয়ের পি৮ ম্যাক্সে ৪,৩৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হলেও এটি ছিল ফ্যাবলেট।