নেপালে ত্রাণ ব্যবস্থাপনায় কাজ করছে ড্রোন

 
প্রযুক্তির এই যুগে এসে সব ধরনের কাজেই ব্যবহূত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। নেপালে গত সপ্তাহে হয়ে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পেও তেমনি দেখা যাচ্ছে ড্রোনের ব্যবহার। ড্রোন মূলত এক ধরনের চালকবিহীন উড়ন্ত যান যা রিমোটের মাধ্যমে দূর থেকেই পরিচালনা করা যায়। বিভিন্ন ধরনের দুর্গম স্থানে, যেখানে মানুষের প্রবেশ সম্ভব নয়, সেসব স্থানে ড্রোন ব্যবহার করে নানা ধরনের তথ্য সংগ্রহ সম্ভব। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে মূলত মানুষের জন্য প্রতিকূল এই ধরনের পরিস্থিতির জন্যই ড্রোন তৈরি করা হয়ে থাকে। নেপালেও তেমনি গ্লোবাল মেডিক নামের একটি দাতব্য সংস্থা ড্রোন ব্যবহার করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবি তুলতে সেসব এলাকার মানচিত্র তৈরি করার জন্যই মূলত গ্লোবাল মেডিকের ড্রোনগুলো কাজ করছে। এসব ড্রোন তৈরি করা হয়েছে কানাডায়। এসব ড্রোনের সংগৃহীত ছবি ও তথ্য পৌঁছে যাচ্ছে ত্রাণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা এবং উদ্ধারকর্মীদের কাছে।