দলের সম্ভাব্য প্রার্থীদের আদালতের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন বিএনপি ও ঐক্যজোট শুরু করেছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। আর সেই জন্য একটা অসমতল নির্বাচনী মাঠে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে যারা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তাদের সাক্ষাত্কার নিচ্ছি।
গতকাল সোমবার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ফখরুল বলেন, আমরা রবিবার রাজশাহী ও রংপুরের প্রার্থীদের সাক্ষাত্কার শেষ করেছি। গতকাল বরিশাল বিভাগের ১৮৩ জনের ও খুলনা বিভাগের সাক্ষাত্কার শেষ করেছি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে এখনও যে প্রতিকূলতা রয়েছে। এটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যথেষ্ট নয়। আমাদের যে সব দাবি, সরকার তার কোনোটাই গ্রহণ করেনি। এমনকি যে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী তাও রাখেননি। বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রায় দেখছি আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে, জেলে নেয়া হচ্ছে। বিশেষ করে যারা সম্ভাব্য প্রার্থী তাদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
’খালেদা জিয়া নির্বাচনের যোগ্য’
ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন’ বলে মনে করি। তিনি এখনও নির্বাচনের যোগ্য। তার প্রার্থী হওয়ার ব্যাপারে তারা কোনো সংশয়ে নেই।
বিএনপির ইশতেহার শিগগির
এদিকে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি খুব শিগগির নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে।