লুকলুকি ক্ষুদ্র, অশাখান্বিত, চিরসবুজ বৃক্ষ। বৈজ্ঞানিক নাম Flacourtia jangomus। Flacourtiaceae পরিবারের উদ্ভিদ। বাংলায় এর অন্য নাম পানিয়ালা, পানিয়ামালা। ইংরেজিতে Indian coffee plum নামে পরিচিত। পনেরো মিটার পর্যন্ত উঁচু হয়। কাণ্ডের গায়ে কাঁটা থাকে। কচি কাণ্ড সামান্য রোমে ঢাকা। এর বাকল বাদামি। পাতা ডিম্বাকার, গোড়ার দিকে প্রশস্ত, অগ্রভাগ দীর্ঘ ও সরু, পাতায় রোম থাকে না, মধ্যশিরার প্রত্যেক পাশে চার থেকে পাঁচটি পার্শ্বীয় শিরা থাকে। ফুল ক্ষুদ্র, একলিঙ্গিক, ধূসরাভ হলুদ বা সাদাটে, সুগন্ধযুক্ত। পুরুষ ফুলের বোঁটা ১.২ থেকে ১.৫ সেন্টিমিটার লম্বা হয়। এই ফুল অত্যন্ত সরু, রোমশ ও গোলাকার, পুংকেশরের পরিমাণ কম। স্ত্রী ফুল শক্ত বোঁটাযুক্ত, গর্ভদণ্ড গাজর আকৃতির, অত্যন্ত খাটো, গর্ভমুণ্ড চার থেকে ছয়টি। ফল গোলাকার বেরি, ১.২ থেকে ১.৮ সেন্টিমিটার চওড়া হয়। পাকা ফল গাঢ় বেগুনি।
এই উদ্ভিদের ফুল ও ফল ধারণের সময়কাল মার্চ থেকে অক্টোবর। বন, বনের ধার, নদীর ধার ও গুল্ম আচ্ছাদিত স্থানে জন্মায়। সমগ্র উষ্মমণ্ডলীয় দেশসমূহ, বিশেষ করে পূর্ব আফ্রিকা, ভারত এবং পূর্ব এশিয়ায় বিস্তৃত। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সামনে নরসুন্দা নদীর ধারে একটি লুকলুকিগাছ রয়েছে। পাতা ও কচি গাছের গুঁড়া কফ ও ব্রঙ্কাইটিস রোগের চিকিত্সায় ব্যবহূত হয়। পাতায় ও মূলে ট্যানিন আছে, যা ডায়রিয়ার প্রতিষেধক। পাকা ফল খাওয়া যায়। বীজ দ্বারা এর বংশবৃদ্ধি হয়।