সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। তবে তাৎক্ষনিক আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শামছুল হক নমু মিয়ার সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান ভূইয়ার বালিউড়া বাজারে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। এরজের ধরে উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা রাত সাড়ে ৮টায় বালিউড়া বাজারে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল।
ওসি সুশীল রজ্ঞন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ করছে।
ইত্তেফাক/আরকেজি