উইলিয়ামসন ও নিউজিল্যান্ডের রান উত্সব

ক্রিকেট দুনিয়ায় সময়ের সেরা চার ব্যাটসম্যানের একজন ধরা হয় কেন উইলিয়ামসনকে। আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছরের ক্যারিয়ারে তার ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে অনেকবার। ব্যাটসম্যান হিসেবে নিজের জাতটা আবারো তুলে ধরেছেন ২৮ বছর বয়সী উইলিয়ামসন। হ্যামিল্টনে দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথামের সেঞ্চুরির পর বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার চূড়ান্ত কাজটা করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

উইলিয়ামসনের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতেই সেডন পার্কে পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান উত্সব। গতকাল ছয় উইকেটে ৭১৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এটিই প্রথমবার ৭০০ রান। এর আগে সর্বোচ্চ ৬৯০ রান ছিল পাকিস্তানের বিরুদ্ধে ২০১৪ সালে। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০টি টেস্ট সেঞ্চুরির মালিক হয়েছেন উইলিয়ামসন।

বাংলাদেশকে হতাশায় পুড়িয়ে ২৫৭ বলে ১৯টি চারে অপরাজিত ২০০ রান করেছেন তিনি। যে ইনিংসের মাধ্যমে দেশটির ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৬ হাজার টেস্ট রানের মাইলফলক। উইলিয়ামসন এই মাইলফলক পার হয়েছে ১২৬ ইনিংসে। এর আগে রেকর্ডটা ছিল রস টেইলরের কাছে। ১৪৫ ইনিংসে ৬ হাজার রান করেছিলেন তিনি। যদিও উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা ইনিংসটি অপরাজিত ২৪২ রানের। ২০১৫ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। 

এক ইনিংসে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন হ্যামিল্টনে। এমনটা এর আগে মাত্র একবারই করতে পেরেছিল কিউই ব্যাটসম্যানরা। ২০০৩ সালে ভারতের বিপক্ষে মোহালিতে মার্ক রিচার্ডসন, লু ভিনসেন্ট ও স্কট স্টাইরিস সেঞ্চুরি করেছিলেন একই ইনিংসে। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এটি তৃতীয়বার তিন ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। ২০০৭ সালে মিরপুরে ভারতের চার ব্যাটসম্যান, ২০১৭ সালে ব্লুমফন্টইনে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। তবে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আছে ১৩ বার।

আগের দিনের ৯৩ রান নিয়ে খেলতে নেমে গতকাল সকালে খুব দ্রুতই ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন উইলিয়ামসন। ১৪৩ বলে সেঞ্চুরির পর লাঞ্চের আগেই দেড়শো পূর্ণ করেন ২০১ বলে। লাঞ্চের পর উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির জন্যই ইনিংস ঘোষণায় বিলম্ব করছিল স্বাগতিকরা। ২৫৭ বলে তিনি ডাবল স্পর্শ করতেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। গতকাল তৃতীয় দিনে ১২৫ বলে ১০৭ রান তুলেছেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের মতে, বোলারদের ন্যূনতম ভুলকে কাজে লাগান উইলিয়ামসন। কারণ সব ধরনের বলের জন্য শটস রয়েছে তার হাতে। গতকাল দিনের খেলা শেষে ব্যাটসম্যান উইলিয়ামসনের প্রশংসায় ম্যাকমিলান বলেছেন, ‘সে বিশ্ব ক্রিকেটে আর সবার মতোই দ্রুত রান করে। এটা অন্যদেরও সাহায্য করে এমন খেলতে, যা তারা আজ (গতকাল) করেছে। সে ক্রিকেটিং শটসই খেলে এবং তাকে বোলিং করা কঠিক কারণ সে উইকেটের চারপাশে খেলে। বোলাররা সামান্যতম ভুলও যদি করে কেনের (উইলিয়ামসন) সামনে এবং সে তাদের জবাবটা দিয়ে দেয়।’

টেস্টে উইলিয়ামসনের গড় এখন ৫৩.০০। কোহলি, রুট, স্টিভেন স্মিথদের সঙ্গেই উচ্চারিত হয় তার নাম। ম্যাকমিলান বলেছেন, ‘এই চার খেলোয়াড় বিশ্বের সেরা। যোগ্য বলেই তার নাম এদের সঙ্গে বলা হয়। টেস্টে তার গড় ৫৩, যেটা সত্যিই অসাধারণ। লম্বা সময়ে আমাদের নিউজিল্যান্ডে কেউ নেই টেস্টে যার ব্যাটিং গড় ৫০ এর বেশি। আমাদের দলে তাকে পেয়ে আমরা খুশি।’