‘সময়ের প্রয়োজনে বিনোদনের মাধ্যম বদলানোটাই স্বাভাবিক’

আবদুন নূর সজল। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। এ বছর তার পরবর্তী সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি ওয়েব সিরিজে এবার দেখা যাবে তাকে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

নতুন একটি সিনেমায় অভিনয় করছেন, কবে নাগাদ শুটিং শুরু হবে?

বিষয়টি এখনো আলোচনার মধ্যে আছে। বেশ ভালো একটি কাজ হতে যাচ্ছে। ছবিটি নিয়ে বিস্তারিত জানাতে আরো কিছুদিন সময় লাগবে। এরপর সবাই জনাতে পারবেন।

 

নিজের ক্যারিয়ারে সিনেমা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন?

সিনেমা স্বাভাবিকভাবে ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ। তাই বলে শুধু চলচ্চিত্র করার জন্য অভিনয় করিনি কখনো। আগের সিনেমাটি থেকে দর্শকদের যে সাড়া পেয়েছি তা পরবর্তীতে ভালো একটি কাজ করার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। নতুন কাজটি এমনই কিছু হতে যাচ্ছে।

 

এখন অনেকে ‘ওয়েব সিরিজ’ করছেন। এ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি-না?

কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে। এরমধ্যে একটি প্রায় চূড়ান্ত। যেহেতু ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন দর্শকদের মাঝে অনেক, তাই বিশেষ একটি কাজ দিয়েই শুরু করতে চাই।

 

দেশের ডিজিটাল প্লাটফর্মগুলোতে এখন দর্শক নাটক বা অন্যান্য ফিকশন দেখার আগ্রহ পাচ্ছেন, এটি আপনার কাছে ইতিবাচক মনে হচ্ছে কী?

সময়ের প্রয়োজনে বিনোদনের মাধ্যম বদলানোটাই স্বাভাবিক। মানুষে ব্যস্ততা বেড়েছে, সবার হাতে এখন ডিজিটাল ডিভাইস। দর্শক নিজের সময়মতো নিজেদের পছন্দের বিনোদন নিতে পারছে। এতে করে কাজের ধরন বদলাচ্ছে। এতে সংশ্লিষ্টরাও কাজে এক ধরনের স্বাধীনতা পাচ্ছে। তবে এই স্বাধীনতা যেন ভালো কাজের জন্য হয় এটা দেখতে হবে।