ফ্রি ইন্টারনেটের সাহায্যে বহু বাংলাদেশি দারিদ্র্য দূর করতে পারে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ফ্রি ইন্টারনেটের সাহায্যে বাংলাদেশের অনেক মানুষ দারিদ্র্য দূর করতে পারবে। নিজের ফেসবুক একাউন্টে বাংলাদেশে ফ্রি ইন্টারনেট চালুর বিষয়টি নিয়ে মন্তব্যকালে তিনি একথা বলেন।

 
তিনি বলেন, আমরা বাংলাদেশে রবির নেটওয়ার্কে ইন্টারনেট ডট ওআরজি চালু করেছি। বিশ্বের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটি আরো একটি পদক্ষেপ। বাংলাদেশে ১৭ কোটির বেশি মানুষ; কিন্তু এর মাত্র ১০ ভাগ মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত।
 
ফেসবুকের এ সহযোগী প্রতিষ্ঠাতা বলেন, গবেষণায় দেখা যায়, বাংলাদেশে প্রতি দশ জনে একজন ইন্টারনেটের সুবিধা ভোগ করে থাকেন আর এদের মধ্যে অন্তত একজন মানুষ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে অনেকেই কাজের সুযোগ পাচ্ছেন, শিক্ষা-স্বাস্থ্যের তথ্য পাচ্ছেন এবং এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
 
জাকারবার্গ আশা রাখেন, ফ্রি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের আরো অন্তত এক কোটি মানুষ নিজেদের দারিদ্র্যমুক্ত করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশের অন্তত এক কোটি মানুষ এবং বিশ্বের অন্তত কয়েক কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করার সুযোগ রয়েছে আমাদের।
 

নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের একজন নারী সাংবাদিক জয়িতার ছবি উদাহরণ হিসাবে ব্যবহার করেন জাকারবার্গ। তিনি বলেন, এটি বাংলাদেশের নারী সাংবাদিক জয়িতার ছবি যে তার চাকরির খোঁজ-খবর এবং নিজের কাজের এসাইনমেন্ট পেতে মোবাইল ফোন ব্যবহার করেন। জাকারবার্গের পোস্টটিতে ৮০ হাজার লাইক এবং কয়েক হাজার কমেন্টস করা হয়েছে। সূত্র: ফেসবুক