বাংলাদেশিসহ ৮০০ অভিবাসী উদ্ধার

 
থাইল্যান্ডের জলসীমা থেকে ফিরিয়ে দেয়ার এক নৌকা থেকে প্রায় ৮০০ অভিবাসীকে ইন্দোনেশিয়ায় তীরে নিয়ে আসা হয়েছে। এসব অভিবাসীদের মধ্যে  রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে তারা আচেহ প্রদেশে এসে পৌঁছায়। তবে অন্য নৌকাগুলোকে ফিরিয়ে দেয়া হয়েছে। খবর: রয়টার্সের।
 
ল্যাঙ্গসার এক অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা খায়রুল নোভা রয়টার্সকে বলেছেন, ইন্দোনেশিয়ার জেলেরা ৭৯৪ জনকে মাঝনদীতে ভাসতে দেখে তাদের ভোর পাঁচটার দিকে আচেহ প্রদেশের তীরে নিয়ে আসে।
 
পাচারকারীরা অভিবাসীবাহী নৌকা ত্যাগ করে চলে গেছে। সেখানে তারা ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত করছেন। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।
 
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক হাজার ৪০০ জনের মতো এবং মালয়েশিয়ায় এক হাজারের মতো অভিবাসী নেমেছে।
 
একটি নৌকার অভিবাসীরা ইন্দোনেশিয়ায় নামতে পারলেও আরো দুইটি নৌকা ফিরিয়ে দেয়া হয়েছে।
 
ইন্দোনেশিয়ার এক সেনা মুখপাত্র বলেছেন, কয়েকশ অভিবাসীবহনকারী একটি নৌকাকে দেশের জলসীমায় প্রবেশ করতে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে।
 
এদিকে থাইল্যান্ডের সরকারি রেডিও স্টেশন জানিয়েছে, ৪০০ অভিবাসী বহনকারী একটি নৌকাকে থাইল্যান্ডের জলসীমা থেকে বের করে দেয়া হয়েছে। তারা এখন ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে।