রাজপথে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যাওয়ার জন্য ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার (২৫ নভেম্বর) কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। রাজনাথ সিং স্পষ্ট করে বলেন, ভারতের গণতন্ত্র এতটা দুর্বল নয় যে রাস্তায় গোলযোগ বা রক্তপাত ঘটিয়ে তা ভেঙে দেওয়া যাবে; বরং দেশে ক্ষমতার পালাবদল ঘটলে তা কেবল ভোটের মাধ্যমেই সম্ভব।
প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক অস্থিরতার উদাহরণ টেনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক সব কৌশল ব্যর্থ হওয়ার পর কংগ্রেস ও তার মিত্ররা এখন দেশে নৈরাজ্য ছড়িয়ে সরকার বদলানোর অপচেষ্টা চালাচ্ছে।
রাহুল গান্ধীকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, যে সাংবিধানিক কাঠামোর অধীনে কংগ্রেস ছয় দশক ধরে দেশ শাসন করেছে, আজ ক্ষমতা দখলের মোহে পড়ে সেই গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেই তারা দুর্বল করার চেষ্টা করছে। সংবিধান প্রদত্ত ভোটাধিকারের মাধ্যমেই কেবল জনগণ সরকার নির্বাচন ও পরিবর্তন করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
