ইরাকে প্রকাশ্য রাজপথে তিন বন্দির শিরশ্ছেদ করল আইএস

 
বিদেশি বন্দীদের একের পর এক শিরশ্ছেদ করে আতঙ্ক ছড়ানো ইসলামিক স্টেট (আইএস) এবার ইরাকের রাজপথে প্রকাশ্যে শিরশ্ছেদ করে আবার আলোচনায় এসেছে। সরকারের গুপ্তচর অভিযোগ এনে তিন ইরাকি নাগরিককে গতকাল নিনেভ প্রদেশের একটি রাস্তায় শিরশ্ছেদ করা হয়। এই ঘটনার ভিডিও করে আইএস ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এতে জঙ্গিরা হুমকি দিয়েছে তাদের বিপক্ষে যারাই কাজ করবে কিংবা কথা বলবে তাদের একই পরিণতি হবে। ইরাক সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে।
 
ডেইলি মেইল জানায়, তিন বন্দীকে শত শত লোকের সামনে দিয়ে টেনে আনা হয়। তাদের চোখ ছিল বাঁধা এবং দুই হাত পেছন দিকে দিয়ে হাতকড়া পরানো। একটি রাস্তার মাঝখানে দুইজনকে পাশাপাশি হাঁটু গেড়ে বসানো হয়। এরপর সরকারের বিরুদ্ধে এক জঙ্গি নাতিদীর্ঘ বক্তব্য দেয়। অতঃপর ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনায়। এরপর দীর্ঘ এক তলোয়ারের এক কোপে এক বন্দীর শিরশ্ছেদ করে। তার পাশে তখন অপর দুই বন্দী ঠক্ঠক্ করে কাঁপতে শুরু করে। এবার পরেরজনকে একইভাবে শিরশ্ছেদ করে। এরপর তার পাশেই তৃতীয়জনকে শিরশ্ছেদ করে একই জঙ্গি। এরপর মরদেহগুলো সেখানে ফেলে রেখেই জঙ্গিরা চলে যায়।
 
ইরাক ও সিরিয়ায় ত্রাস সৃষ্টি করা আইএস ভিন্নমত পোষণকারীদের শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ, ছাদ থেকে ফেলে দিয়ে ইত্যাদি কায়দায় হত্যা করে আসছে। তারা ইরাক এবং সিরিয়াকে খিলাফত ঘোষণা করে শরিয়া আইন বলবত্ করার ঘোষণা দিয়েছে। এই আইন বলবত্ করার পেছনে যাদেরকে তারা শত্রু বলে মনে করবে তাদেরকেই হত্যা করার হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশুদের দাস হিসেবে ব্যবহারেরও অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।