বাগদাদির ‘অডিও বার্তা’ প্রকাশ করল আইএস

 
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) একটি অডিও বার্তা প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশ করা ঐ অডিও বার্তাটি আইএস নেতা আবু বকর আল-বাগদাদির বলে জানিয়েছে সংগঠনটি। তবে এর সত্যতা এখনো যাচাই করা যায়নি।
 
অডিও বার্তায় বিশ্বে আইএস সমর্থকদের সিরিয়া ও ইরাকের যুদ্ধে যোগদান করতে অথবা তার যেখানে আছে সেখান থেকে অস্ত্র হাতে নিতে আহ্বান জানানো হয়েছে।
 
চলতি বছর ইরাকে হামলায় বাগদাদি আহত হয়েছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এই প্রথম বাগদাদির বার্তা প্রকাশ করা হলো। কিছু গণমাধ্যম বলেছে, তিনি আর এই সংগঠন পরিচালনা করছেন না। আবার কেউ কেউ বলেছে তিনি মারা গেছেন।
 
সংগঠনের প্রকাশ মাধ্যম ‘আল-ফুরকান’  ও বিভিন্ন ওয়েবসাইটে অডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে। বাগদাদির কণ্ঠস্বরের মতো বার্তাটিতে বলা হয়েছে, ‘ইসলামি স্টেটে না আসতে মুসলমানের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। এর যুদ্ধের সাথে যোগ দেয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এখানে যোগ দিন অথবা যেখানে আছেন সেখান থেকে হাতে অস্ত্র ধরুন।’
 
বার্তায় বাগদাদি সৌদি আরবের শাসকদের বলেছেন, তারা ধ্বংসের কাছাকাছি। আইএসের সদস্য বৃদ্ধি হচ্ছে দেখে উপসাগরীয় শাসকরা ভীত হয়ে পড়েছে।
 
সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে শিয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
 
বার্তায় বলা হয়, তারা বলছে, তারা সুন্নিদের রক্ষা করছে। এটা মিথ্যা। ভয় দেখিয়ে তারা আইএসে যোগ দিতে মুসলমানদের নিবৃত্ত করতে চাচ্ছে।
বাগদাদি বলেছেন, আইএসের যোদ্ধারা তোমার অবিচল থাকো।
 
বাগদাদি বলেন, আমাদের শত্রু (শিয়া) আগের চেয়ে এখন দুর্বল হয়ে গেছে। এরা ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে এবং তোমরা শক্তিশালী হয়ে উঠছো।
 
যুক্তরাষ্ট্রের পরিচালনায় আইএসের লক্ষ্যবস্তুতুতে বিমান হামলার পর প্রতিবেদনে বলা হয়েছিল, বাগদাদি আহত হয়েছেন এবং তিনি এক সহযোগীকে নেতৃত্ব দিয়েছেন। আবার কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি আহত হয়ে মারা গেছেন। সূত্র: রয়টার্স।