স্যামসাং মোবাইলের এক্সচেঞ্জ অফারে বিভ্রান্তি

 
সম্প্রতি স্যামসাং মোবাইল স্মার্ট এক্সচেঞ্জ অফার নামে চালু করেছে অদল-বদল অফার। নতুন স্মার্টফোন কেনার পর পুরোনো কার্যকরী স্মার্টফোন নিয়ে কী করবেন, তা নিয়ে অনেক সময় অনেক গ্রাহকই চিন্তিত থাকেন বলে দাবি স্যামসাংয়ের। এই চিন্তা দূর করতেই তারা স্মার্ট এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছে বলে বলা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।
 
স্যামসাং বলছে, এই অদল-বদল অফারে পুরোনো স্যামসাং ফোনের বিপরীতে গ্রাহককে স্যামসাং গ্যালাক্সি এস৬ ফোন দেওয়া হবে। এই জন্য ওই পুরোনো ফোনসহ আরও কিছু টাকা গুণতে হবে গ্রাহককে। অদল-বদল অফারে অনেক কিছু না বলা হলেও ব্যবহূত ফোন নিয়ে আগ্রহী গ্রাহকরা স্যামসাংয়ের দোকানে গেলে জানতে পারেন যে পুরোনো স্মার্টফোনটির প্যাকেট, চার্জার, হেডফোন থেকে শুরু করে সব ধরনের অ্যাকসেসরিজ; এমনকি কেনার রশিদ, ওয়ারেন্টি কার্ডও নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, স্যামসাংয়ের কয়েকটি শপ এবং একটি ওয়েবসাইটে গিয়ে জানা গেল, স্যামসাংয়ের শত শত মডেলের স্মার্টফোনের মধ্যে কেবল চারটি মডেলের পুরোনো স্মার্টফোনেই মিলবে তাদের অফার। এই চারটি মডেলও আবার বাজারে এসেছে খুব অল্প কিছুদিন হলো। অফারের আওতায় থাকা পুরোনো চারটি স্মার্টফোন মডেল হলো— নোটথ্রি, নোটথ্রি নিও, গ্যালাক্সি এস ফোর ও গ্যালাক্সি এস ফাইভ। এসব মডেলের পুরোনো ফোনের যেগুলোতে এখনও ওয়ারেন্টি রয়েছে, সেগুলো বদল করে সাথে আরও অনেক বেশি টাকা দিয়ে অফার থেকে কেনা যাবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিক্স স্মার্টফোন। স্যামসাংয়ের এই অফারে গ্যালাক্সি এস সিক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৯০০ টাকা।
 
অদল-বদল অফারে যে ফোনগুলোর কথা বলা হয়েছে সেগুলোর বাজারমূল্য এখনও ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অথচ স্যামসাং এগুলোর বদল করার জন্য দাম ধরছে সাত-আট হাজার টাকা। এমন অভিজ্ঞতা হয়েছে রাকিবের। সে স্যামসাংয়ের একটি স্মার্টফোন ক্যাফেতে গ্যালাক্সি গ্র্যান্ড ডুয়োস নিয়ে যায়, যা সে কিনেছে ৩৫ হাজার টাকা দাম দিয়ে। ফোনটির সম্পূর্ণ ভালো কন্ডিশনসহ ওয়ারেন্টি থাকা সত্ত্বেও স্যামসাং এর মূল্য নির্ধারণ করে ছয় হাজার টাকা। সে জানায়, এই ফোনটি অনায়াসেই ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করা যায়। স্যামসাংয়ের শত শত মডেলের স্মার্টফোনের মধ্যে কেন মাত্রই বাজারে আসা চারটি মডেলের ফোনকে নির্ধারণ করা হয়েছে, এমন প্রশ্নও তার। তিনি জানান, স্যামসাং মোবাইল প্রথমেই যে দামে পাওয়া যায়, এক মাস পরে তার দাম অর্ধেক হয়ে যায়।
 
অফার দেখে স্মার্টফোন এক্সচেঞ্জ করতে আসা মামুন নামের আরেকজন জানান, তার প্রায় নতুন ফোনের ব্যাটারি, চার্জার, ওয়ারেন্টি ঘণ্টাখানেক ধরে চেক করে স্যামসাং এর দাম বলেছে সাত হাজার টাকা। স্বাভাবিকভাবেই এই অফার নিয়ে ক্ষুব্ধ এই গ্রাহক।
 
এই বিষয়ে জানতে চাইলে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘এরকমটি হওয়ার কথা নয়। আমাদের যে চারটি মোবাইল মডেলের জন্য এক্সচেঞ্জ অফারে রয়েছে, তার একটি সুনির্দিষ্ট দাম আমরা ক্যাম্পেইনের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। সেই নির্দিষ্ট মূল্যই ক্রেতা পাবেন।’ ফোনটির ছোট-খাট সমস্যার কারণে স্যামসাং ডিলার তাত্ক্ষণিকভাবে এর আরও কম মূল্য নির্ধারণ করতে চাইলে সে প্রসঙ্গে সেক্ষেত্রে হাসান মেহদী বলেন, ‘আমাদের কাছে ওই ডিলার সম্পর্কে অভিযোগ করলে আমরা তড়িত্ ব্যবস্থা গ্রহণ করব।’