দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের ২৪ টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও চীন। শুক্রবার চুক্তিগুলো স্বাক্ষর করা হয়।
অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, রেলওয়ে, খনিজ ও খনি খাত, মহাশূন্য, পর্যটন, বাণিজ্য, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উভয় দেশ অতিরিক্ত কনস্যুলেট জেনারেল ও চীন-ভারত থিঙ্ক ট্যাংক ফোরাম প্রতিষ্ঠার চুক্তিও করেছে।
চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের এই সম্পর্ককে আরো দৃঢ় করতে আমাদের ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, ‘সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা আমরা পুনর্ব্যক্ত করেছি। একে অপরের স্বার্থের প্রতি আমাদের সংবেদনশীল হতে হবে।
মোদি বলেন, আমরা কিছু প্রাদেশিক সমস্যা নিয়েও আলোচনা করেছি। পারস্পরিক বিশ্বাস আরো শক্তিশালী করা এবং সতর্কতার সঙ্গে আমাদের মধ্যকার সমস্যা সমাধানের বিষয়ে আমরা একমত হয়েছি।
মোদি আরো বলেন, আমি ভিসা নীতি ও আন্তঃসীমান্ত নদী সংশ্লিষ্ট বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি কামনা করেছি এবং আমদের আঞ্চলিক কিছু উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমি সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রচেষ্টা গ্রহণে আমাদের শক্তিশালী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। -বাসস।