উপসাগরীয় বন্ধু রাষ্ট্রগুলোর পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ওবামা

 
 
 
 
 
সব পরিস্থিতিতে উপসাগরীয় বন্ধু রাষ্ট্রগুলোর পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে সামরিক বাহিনী দিয়েও তাদের সহায়তা করা হবে। এ ছাড়া, ইরানের সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে, সেটি তাদের জন্য কোনো হুমকি হবে না বলেও আরব নেতাদের আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনের নিকট ক্যাম্প ডেভিডে আরব রাষ্ট্রগুলোকে নিয়ে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
 
বারাক ওবামা আরব নেতাদের আশ্বস্ত করে বলেন, যেকোনো ক্রান্তিকালেন মুহূর্ত বা বড় ধরনের কোনো পরিবর্তন আসলেও যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
 
ক্যাম্প ডেভিডে নেতাদের সাথে কথা বলার সময় তিনি বলেন—ইরানের সাথে চুক্তি উপসাগরীয় অঞ্চলকে কোনো হুমকির মধ্যে ফেলবে না। এ ছাড়া, যৌথ বিবৃতিতে বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়। এর মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযান, সমুদ্র নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত। তবে এ সম্মেলনে কিছু আরব নেতা আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি করতে চাইলেও মার্কিন প্রেসিডেন্ট সেটি করেননি।
 
বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই ছয়টি দেশ নিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) গঠিত। ওবামা আলোচনা শেষে স্পষ্টভাবেই তার প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন—যেকোনো ধরনের বহিঃশত্রুর হামলা মোকাবিলায় জিসিসি অংশীদারদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন—এক সাথে কাজ করলে শান্তি অর্জন এবং ইরানের ভালো প্রতিবেশি হয়ে উঠতে সহায়তা করবে।