গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ইমেজকে কাজে লাগাতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মেয়র পুত্র মঞ্জুরুল করিম রনি। এ জন্য তিনি দলীয় মনোনয়নপত্র তুলে তা জমাও দিয়েছেন। তবে কৌশলগত কারণে একই আসনে তার পিতা অধ্যাপক এমএ মান্নানও দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন।
অধ্যাপক এমএ মান্নান স্বাস্থ্যগত কারণে নির্বাচন করতে না পারলে রনিই যাতে মনোনয়ন পান সে কৌশলই অবলম্বন করা হয়েছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
অধ্যাপক এমএ মান্নান এমপি, প্রতিমন্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র থাকাকালে তার পুত্র মঞ্জুরুল করিম রনি পিতার পাশে থেকে এলাকায় কাজ করেছেন। বিশেষ করে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনকালে তিনি পিতার জয়ের ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছেন। তবে বর্তমান সরকারের আমলে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে দেশের বাইরে থাকলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।