হকি খেলোয়াড় প্রেসিডেন্ট পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নানা রকমের ইমেজ সৃষ্টি করেছেন। কখনো তাকে দেখা গেছে একজন অ্যাথলেট হিসেবে, কখনো জুডো খেলোয়াড়, ফ্যাশন-দুরস্ত, অথবা খালি গায়ে বসে আছেন ঘোড়ার ওপর, আবার কখনো তাকে দেখা গেছে যুদ্ধবিমানে।
 
রবিবার বিকেলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়ায় তৈরি এসব ইমেজে ৬২ বছর বয়সী মি. পুতিন হচ্ছেন ‘ম্যান অফ অ্যাকশন।’ 
IMG0
 
তিনটি মেয়াদের এই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে গত মার্চ মাসে কিছু প্রশ্নের জন্ম হয়েছিল। তার এসব ছবি খুব দ্রুত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতে।
 
রবিবার তার হকি খেলার ছবি ছড়িয়ে পড়ে এসব জায়গায়। তার এসব ছবি নিয়ে অনেক ব্যাঙ্গ বিদ্রূপও করা হয় সেখানে। অনেকে কৌতুকও করেছেন।
 
প্রেসিডেন্ট পুতিন রবিবার এক আইস হকির ম্যাচে অংশ নিয়েছিলেন এবং খেলায় তিনি একের পর এক গোলও করেছেন। একাই তিনি করেন আটটি গোল। তার দল জিতেছে ১৮-৬ গোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। উইন্টার অলিম্পিকের শহর সচিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। 
IMG1
প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেফ মাঠের বাইরে বসে তার প্রেসিডেন্টের খেলা দেখেছেন।