দিনাজপুরে কিশোরকে কুপিয়ে হত্যা

দিনাজপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। তার নাম জাকির হোসেন (১৮)। পুলিশ শুক্রবার দিনাজপুর শহরের বিরল উপজেলার পুনর্ভবা নদীর কাঞ্চন রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। সে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার শামসুল আলমের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পুনর্ভবা নদীর কাঞ্চন রেলওয়ে ব্রিজে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা জাকির হোসেনের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।