বিদেশে অবস্থান করা বাংলাদেশি প্রকৌশলী ও চিকিত্সকদের মাতৃভূমিতে ফিরে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি : ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৯’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী। সংগঠনের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে এখন বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগেরও চাহিদা বাড়ছে। দেশের উন্নয়নে বিনিয়োগের প্রয়োজন আছে। তবে যেন-তেন বিনিয়োগের দরকার নেই। দেশের পরিবেশ, প্রতিবেশ ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে এমন বিনিয়োগ চায় না সরকার।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশি উচ্চ শিক্ষিত প্রকৌশলীরা আছেন, চিকিত্সক ভাই-বোনেরা আছেন। অন্যান্য পেশারও আছেন। আশা করছি, পর্যায়ক্রমে সেসব পেশার ব্যক্তিরাও নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন। কীভাবে তারা দেশের উন্নয়নে অংশ নিতে পারবেন, চিন্তা-ভাবনা করবেন। তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ বিনিয়োগ চাই। দেশে লাখ লাখ মানুষ, যারা ব্যবসা করেন, শিল্পকারখানা করছেন, তারা যে বিনিয়োগ করবেন, সেটাই আমাদের শ্রেষ্ঠ বিনিয়োগ। আমাদের প্রধানমন্ত্রীও তাই মনে করেন, আমিও তাই মনে করি। এরপর বহির্বিশ্বে আমাদের যারা ভাই-বোন আছেন, তাদের বিনিয়োগ আশা করব। এবং অন্য যারা আসতে চান, তারাও এখানে আসবেন। নানাভাবে আমাদের আয়োজন হচ্ছে, আপনাদের জীবনকে সহজ-সরল করা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল, লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াস মিয়া এসময় বক্তব্য দেন। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সরকার ব্যবসা শুরু করার ধাপগুলো সহজ করার উদ্যোগ নিয়েছে। রাজউকের যে কাজ আগে ১৬ ধাপে করতে হতো নতুন সরকার এসে তা চার ধাপে নামিয়ে এনেছে। একইভাবে অন্যান্য সংস্থাগুলো প্রক্রিয়া সহজ করছে। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে চলমান মেগা প্রকল্পের কাজ শেষ হলে দেশে বিনিয়োগ বাড়বে। তবে গুণগতমান ঠিক রেখে সময় মতো এসব প্রকল্প যাতে বাস্তবায়ন হয় সে দিকে খেয়াল রাখতে হবে।