নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে আট দফা দাবি

দেশের নারী উদ্যোক্তা বিকাশে এবং নারী উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আগামী বাজেটে আট দফা দাবি জানিয়েছে ওমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড)। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণদান, ভ্যাট-ট্যাক্স ও শুল্কহার কমানো, নারী উদ্যোক্তাদের জন্য দেশের প্রতি বিভাগে সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা, প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মেলায় নারী প্রতিনিধিদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক অঞ্চল (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) নারী উদ্যোক্তাদের সহজ শর্তে শিল্প স্থাপনে প্লট বরাদ্দ করাসহ সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়ন হলে নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আগামীতে আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করছে সংগঠনটি। গতকাল শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ওয়েন্ডের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকার নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের নীতিমালা প্রণয়ন করলেও নারী উদ্যোক্তারা এই সুবিধা পাচ্ছেন না। ব্যাংক ঋণের ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা নানাবিধ শর্তের বেড়াজাল ও উচ্চ সুদের কারণে প্রতিনিয়ত পুঁজি সংগ্রহে হিমশিম খাচ্ছে। এসব সমস্যা ও জটিলতা নারী উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে বড় একটি বাধা। এ বিষয়ে সরকারের নীতিমালা আরও সহজীকরণের মাধ্যমে তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত বছরে পঞ্চাশ লাখ টাকা টার্নওভার (বিক্রয়) রয়েছে এমন প্রতিষ্ঠানকে ভ্যাট অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে বলা হয়,  দেশের নারী উদ্যোক্তাদের সিংহভাগই ক্ষুদ্র ও মাঝারি মানের। ফলে উচ্চ হারে ভ্যাট আরোপ করা হলে তারা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে না। অন্যদিকে এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের বিবেচনায় বাংলাদেশে কর্পোরেট করের হার সবচেয়ে বেশি। কর, ভ্যাট ও শুল্ক ব্যবস্থাকে আরও সহজ ও যুযোপযোগী করার দাবিও জানায় ওয়েন্ড।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামীমা লাইজু ও সহসভাপতি আয়শা সিদ্দিকা, কোষাধ্যক্ষ আনোয়ারা সিদ্দিকা, জর্জিনা আলম, সাধারণ সম্পাদক জিসান আক্তার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন প্রমুখ।