স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক। জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরালো ভূমিকা পালন করেছে। মাদক থেকে মানুষ মুক্তি চায়। তাই মাদক নির্মূলে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন। গতকাল শনিবার আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে জঙ্গি সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। সবাই সহযোগিতা করছে, গণমাধ্যম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় তিনি মাদক নির্মূলে নতুন মাদক আইন যথোপযুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটা মিডিয়া অনেক ধরনের ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যম দেশের কথা বলবে, সমৃদ্ধির কথা বলবে, বাঙালির ঐতিহ্যের কথা বলবে, দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। এ ক্ষেত্রে সময়ের আলো দৃষ্টান্ত স্থাপন করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ।