রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে নিরঞ্জন ও গাবতলীতে ট্রাকের ধাক্কায় বেলাল হোসেন নামে পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে এই দুই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে নিহতের সহকর্মী চন্দন জানান, যাত্রাবাড়ি থানা এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে চলন্ত ট্রাক থেকে পড়ে যান ওই ট্রাকের শ্রমিক নিরঞ্জন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল সাড়ে ৭টায় চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী থানার বামনকুমার গ্রামে। বর্তমানে ডেমরার রানীমহল এলাকায় থাকতেন।
অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে গাবতলীর টার্মিনালের সামনে দিয়ে বসুমতী পরিবহনের সুপারভাইজার রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সকাল ৭টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গাবতলীর বাগবাড়ী এলাকায় থাকতেন।